সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে সাওম পালন করা কি হাদিস সমর্থিত ?

"আসসালামু আলাইকুম"

বুখারী ও মুসলিম শরীফের ‘সাওম’ অধ্যায়ে অনেক হাদিস রয়েছে যার মূল হলো, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা চাঁদ দেখে সাওম শুরু করবে আবার চাঁদ দেখে ইফতার (সাওম শেষ) করবে। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে (চাঁদ দেখা না গেলে) ত্রিশ দিন পূর্ণ করবে। [বুখারী, ১৭৭৯, মুসলিম, ২৩৮২, ২৩৮৩, ২৩৮৪, ২৩৮৫]
আমরা জানি আরবী মাস শুরু ও শেষ চাঁদ দেখার উপর নির্ভরশীল।
সুতরাং চাঁদ দেখেই সাওম পালন শুরু করতে হবে।

এখন প্রশ্ন হলো, পৃথিবীর যে কোন স্থানে চাঁদ দেখা গেলে কি সব মুসলিমের জন্য সাওম পালন শুরু করতে হবে ?

যদিও আমরা সবাই জানি সৌদি আরব থেকে বাংলাদেশের সময় ৩ ঘন্টা পার্থক্য রয়েছে। এবং সৌদি আরব থেকে বাংলাদেশের দুরুত্ব ৪৪৩৩ কিঃ মিঃ।
নিচের হাদিসটি মনোযোগ দিয়ে পড়লে এর উত্তর পাওয়া যাবে।
কুরাইব (রা) থেকে বর্ণিত। হারিসের কন্যা উম্মুল ফজল তাকে সিরিয়ায় মু’আবিয়ার (রা) নিকট পাঠালেন। কুরাইব বলেন, অতঃপর আমি সিরিয়া পৌছে তাঁর প্রয়োজনীয় কাজ সমাপন করলাম। আমি সিরিয়া থাকতেই রামাদান মাস এসে গেল। আমি জুমু’আর রাতে রামাদানের চাঁদ দেখতে পেলাম। অতঃপর মাসের শেষদিকে মদীনায় ফিরে এলাম। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) রোজা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কখন চাঁদ দেখেছ ? আমি বললাম, আমি তো জুমু’আর রাতেই চাঁদ দেখেছি। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, তুমি নিজেই কি তা দেখেছ ? আমি বললাম, হ্যাঁ, অন্য লোকেরাও দেখেছে তারাও রোজা রেখেছে। এমনকি মু’আবিয়াও (রা) রোজা রেখেছেন। তিনি বললেন, আমরা তো শনিবার রাতে চাঁদ দেখেছি, আমরা পূর্ণ ত্রিশটি রোজা রাখব অথবা এর আগে যদি চাঁদ দেখতে পাই তবে তখন ইফতার (সাওম শেষ) করবো। আমি বললাম, আপনি কি মু’আবিয়ার (রা) চাঁদ দেখা ও রোজা রাখাকে (রোজার মাস শুরু হবার জন্য) যথেষ্ট মনে করেননা ? তিনি বললেন, না, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের এভাবেই (চাঁদ দেখে রোজা রাখা ও ইফতার করার) জন্য নির্দেশ দিয়েছেন।
[মুসলিম, ২৩৯৬]
সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় যে, কোন দেশে চাঁদ দেখা গেলে সেটা দূরবর্তী কোন দেশের জন্য প্রযোজ্য হবে না। নিজে চাঁদ দেখতে পেলে অথবা নিশ্চিত ভাবে প্রমাণিত হয় যে, নিকটবর্তী কোন স্থানের লোকেরা চাঁদ দেখেছে তাহলে সাওম শুরু করা যেতে পারে।
আল্লাহ্‌, আমাদের সঠিক ভাবে সাওম পালনের তৌফিক দান করুন। আমিন।  

Share this Post :
Related Posts
Previous
« Prev Post